বন্দরে বিএনপির বহিষ্কৃত নেতা হান্নানের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের শিশুবাগ স্কুল সংলগ্ন পাঠান বাড়ীতে মৃত মিয়া চান পাঠানের পৈতৃক সম্পত্তি জবরদখলের পাঁয়তারা ও হামলার অভিযোগ উঠেছে ২১ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত নেতা হান্নান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত মিয়া চান পাঠানের প্রথম সংসারে এক ছেলে ও ছয় মেয়ে সন্তান রয়েছে। পরবর্তীতে তিনি সালমা নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন এবং সেই সংসারে দুই কন্যাসন্তানের জন্ম হয়। অভিযোগ রয়েছে, বিপুল সম্পদের লোভে দ্বিতীয় স্ত্রী সালমা বিভিন্ন অপকৌশলে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালান। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় বিচার-শালিস হলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে।
মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী নিয়ে বারবার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মিয়া চান পাঠানের কন্যা বিউটি বেগম। তিনি জানান, "দ্বিতীয় স্ত্রী সালমা ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নানের বাহিনী আমাদের পৈতৃক সম্পত্তি জবরদখল করতে উঠেপড়ে লেগেছে। তারা শুধু সশরীরে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করতে নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।"
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার জানায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে উল্টো তাদের ছাড় দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন