সিদ্ধিরগঞ্জে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার হেলপার আটক ও চালক লাপাত্তা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে আদমজী সোনা মিয়া মার্কেট সংলগ্ন আজমেরী হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম খুলনা জেলার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম সাহেবের মেয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সোনা মিয়া মার্কেট এলাকার রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ট-১৫-৩৭৫১ নম্বরের একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ এবং এর হেলপার মো. মনির হোসেনকে (৪০) আটক করে। তবে কাভার্ডভ্যানের চালক মো. উদয় (৩৫) সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সুরতহাল সম্পন্ন করেছে। ঘাতক কাভার্ডভ্যান আটক করা হয়েছে এবং এর হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন