স্বামীর পছন্দকে মেনে সতীনকে ঘরে তুললেন প্রথম স্ত্রী, কালিয়াকৈরে চাঞ্চল্য
স্বামীর অন্য নারীর প্রতি ভালো লাগার কথা জানতে পারলে সাধারণত বহু সংসারে নেমে আসে অশান্তির কালো ছায়া। তবে গাজীপুরের কালিয়াকৈরে দেখা গেছে একেবারেই ভিন্ন ও বিরল চিত্র। স্বামীর পছন্দকে সানন্দে মেনে নিয়ে নিজ হাতে সেই নারীকে সতীন বানিয়ে ঘরে তুলে নিয়েছেন প্রথম স্ত্রী।
ঘটনাটি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরিনহাটি এলাকার। বর্তমানে আব্দুর রহমান তাঁর দুই স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে সুখে-শান্তিতে সংসার করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে চন্দ্রা হরিনহাটি এলাকার আব্দুর রহমানের সঙ্গে বিয়ে হয় রুমা আক্তারের। দাম্পত্য জীবনে তাঁদের দুটি সন্তান রয়েছে। সংসার জীবন ভালোই কাটছিল, তবে চার বছর আগে আব্দুর রহমান স্ত্রী রুমাকে জানান, নাজনীন সুলতানা নামের এক নারীকে তাঁর ভালো লাগে।
স্বামীর মুখ থেকে এমন কথা শুনে ক্ষুব্ধ না হয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন রুমা আক্তার। স্বামীর ভালো লাগাকে সম্মান জানিয়ে তিনি নিজেই উদ্যোগ নেন সেই বিয়ের। আব্দুর রহমানের সঙ্গে নাজনীন সুলতানার বিয়ে সম্পন্ন করিয়ে সতীন হিসেবে তাঁকে ঘরে তোলেন রুমা।
বর্তমানে সেই পরিবারে নেই কোনো সতীনের কোন্দল। রান্নাবান্না ও সংসারের যাবতীয় কাজ দুজন মিলে একসঙ্গে করছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে বাইরে ঘোরাঘুরি—সবকিছুতেই রয়েছে দুই সতীনের চমৎকার মেলবন্ধন।
রুমা আক্তারের এই উদারতা এবং একই ছাদের নিচে দুই স্ত্রীর এমন সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান এখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন