পদ হারালেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও নায়েবে আমির
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এমদাদুল হক মামুনের পদ বাতিল করেছে দলের হাইকমান্ড।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।
এর আগে, গত ২৬ অক্টোবর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা হয়। সভায় কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই হেভিওয়েট নেতার সব পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদের আমির পদের পাশাপাশি দলটির কেন্দ্রীয় তালিকাভুক্ত সদস্যপদও (রুকন) বাতিল করা হয়েছে। এছাড়া কুমিল্লা মহানগরীর নায়েবে আমির একেএম এমদাদুল হকের নায়েবে আমির পদ এবং সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।
দলটির ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দুই নেতার সব পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, দুই নেতার সব পদ বাতিল করা হয়েছে। তারা এখন দলের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন