বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল নিহত
নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানার দক্ষিণ ঘারমোড়া এলাকার হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনের একটি নির্জন স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দক্ষিণ ঘারমোড়া এলাকার হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনের নির্জন স্থানে দুর্বৃত্তরা রাসেলের ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, "নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।"
আপনার মতামত লিখুন