“দখলবাজি ও সন্ত্রাস বন্ধ করতে না পারলে ভবিষ্যৎ খারাপ হবে”— আবদুল জব্বার
সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিক ও উপস্থিত লোকজনের সামনে এসব এ কথা বলেন।
২৫ নভেম্বর বুধবার বাদ মাগরিব ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, অন্যায়ভাবে কারও জায়গা দখল করতে দেওয়া হবে না। তিনি বলেন, “এইখানে যদি বিএনপি এর কোন নেতা জড়িত থাকে, বা অন্য কোন গ্রুপ জড়িত থাকে— আমরা প্রশাসনসহ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্যায়ভাবে কারও জায়গা দখল করতে আমরা দেব না, ইনশাআল্লাহ।”
এলাকার মানুষের অবস্থান ও অন্যান্য রাজনৈতিক কর্মীদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এলাকার সকল লোক ও তাদের দলের লোকজন ছাড়াও তিনি বিএনপির অনেক নেতার সাথে কথা বলেছেন যে এটি অন্যায় হচ্ছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে তারাও থাকবেন।
আবদুল জব্বারের ভাষ্য অনুযায়ী, বিএনপির লোকজনও যেহেতু বিষয়টিতে সাড়া দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি ছাড়া অন্যরা এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন।
জায়গার মালিকানা ও আইনি প্রক্রিয়ার বিষয়ে আবদুল জব্বার বলেন, “কেউ যদি এই জায়গা পান, তাহলে এটা লিগ্যালি (আইনগতভাবে) আসবে; এভাবে রাতের অন্ধকারে তো কেউ ভেঙে দিয়ে আসতে পারে না।”
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়ির নিরাপত্তা ও সহযোগিতার আহ্বান জানান। এ সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমীর কফিল আহম্মেদ ও স্থানীয় লোকজনসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন