বন্দরে স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. স্বপন মাহমুদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছানি আক্রান্ত রোগীদের স্বল্পমূল্যে অপারেশনের সুযোগও প্রদান করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুরুন্দি বাজার এলাকায় স্বপন মাহমুদের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মিশনপাড়া মোড়স্থ মেডিভিশন আই হসপিটালের চিকিৎসক মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম সেবা কার্যক্রম পরিচালনা করে। টিমের সদস্যরা আধুনিক কম্পিউটারাইজড যন্ত্রপাতির মাধ্যমে স্থানীয় রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করেন, চক্ষুরোগ শনাক্ত করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।
কর্মসূচিতে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন, তাঁদের স্বল্প খরচে ছানি অপারেশনের ব্যবস্থার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজক মো. স্বপন মাহমুদ বলেন, “স্থানীয় মানুষের চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
দিনব্যাপী চলা এ ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিপুলসংখ্যক নারী-পুরুষ ও বয়স্ক নাগরিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন