বন্দর ধামগড়ে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধামগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে এবং মাঠপর্যায়ের সুপারভাইজার ও বন্দর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গুলবক্স ভূঁইয়া রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল কবির বলেন, "ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে প্রকৃত তথ্যের ভিত্তিতে সঠিক উপকারভোগী নির্বাচন করা সম্ভব হয়।"
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামাল হোসেন বলেন, "ধামগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আমি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করছি।"
অনুষ্ঠানের সঞ্চালক ও মাঠপর্যায়ের সুপারভাইজার গুলবক্স ভূঁইয়া রাসেল বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিরলসভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর আক্তার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম, হাজী আবদুল হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক ও মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা রুহুল আমিন রুহুল প্রধান এবং ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, রাসেল, রাহুল, মহসিন, শফিকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা।
উল্লেখ্য, ধামগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন— ২ নম্বর ওয়ার্ডে কুহিনূর আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে নুসরাত জাহান, ৪ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ মোমেনা আক্তার ও মো. রায়হান, ৭ নম্বর ওয়ার্ডে মো. রাকিব, ৮ নম্বর ওয়ার্ডে মোসলেমা আক্তার এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. রনি। এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ধামগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পুরোদমে শুরু হলো।
আপনার মতামত লিখুন