নাসিক ১১ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের বস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১১ নম্বর ওয়ার্ডের নগর-খানপুর এলাকায় অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাসিক ১১ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ খোরশেদ আলম বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা মুসলমান, আপনারা হিন্দু। আমাদের ধর্মে কাউকে গালিগালাজ করার শিক্ষা দেওয়া হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বারা কারও ক্ষতি হবে না; বরং জামায়াতে ইসলামী আপনাদের নিরাপত্তা ও কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, “আমরা আপনাদের সেবা করতে চাই। মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। আশা করি, এর প্রতিদান আল্লাহ তাআলা পরকালে দান করবেন।”
এ সময় তিনি নাসিক ১১ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাঁদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাসিক ১১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মুহাম্মদ খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ সোহেলসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা। এ ছাড়া নগর-খানপুর এলাকার পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন