গলাচিপা ডাকুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদ দাবি নিয়ে ক্ষোভ ও বিতর্ক
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬ নম্বর ডাকুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ব্যানার-পোস্টার ব্যবহারের অভিযোগ উঠেছে মো. শাহাবুদ্দিন মাঝি (শাহিন) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সংযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ব্যানারের ছবিতে দেখা যায়, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব মো. শাহজাহান খানের ৪র্থ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি এবং দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-পোস্টারে নিজেকে ‘ডাকুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব’ হিসেবে পরিচয় তুলে ধরেছেন মো. শাহাবুদ্দিন মাঝি (শাহিন)।
এ বিষয়ে স্থানীয়দের একাংশ ও নেতাকর্মীদের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি বিগত ১৭ বছর বিএনপির কোনো কর্মসূচিতে সক্রিয় ছিলেন না এবং অতীতে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন। অন্যদিকে, যারা দীর্ঘ সময় ধরে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে দলের পক্ষে মাঠে ছিলেন, তারা অবহেলিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
অভিযোগকারীদের দাবি, যাচাই-বাছাই ছাড়া বা ভুয়া পদবি ব্যবহার করে সম্মানজনক দলীয় পরিচয় দেওয়ায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
আপনার মতামত লিখুন