দুমকিতে লুথার্যান হেলথ কেয়ারের চিকিৎসক ডা. অমিতাভকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ
পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা লুথার্যান হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. অমিতাভ তরফদারকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অভিযোগ উঠেছে। এ খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় দুমকিসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের কাছে আস্থার প্রতীক ছিল লুথার্যান হেলথ কেয়ার। তবে ২০২২-২৩ সালে অভ্যন্তরীণ নানা জটিলতা ও দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতিতেও ডা. অমিতাভ তরফদার তাঁর আন্তরিকতা, দক্ষতা ও মানবিক চিকিৎসাসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এলাকাবাসীর দাবি, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ডা. অমিতাভ একজন অত্যন্ত জনপ্রিয় ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত। তাঁর চিকিৎসাসেবা নিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে রোগীরা আসেন।
হঠাৎ করে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের অভ্যন্তরীণ কোন্দল এবং কিছু অসাধু মহলের ঈর্ষার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “ডা. অমিতাভ শুধু একজন চিকিৎসক নন, তিনি এই অঞ্চলের মানুষের আস্থার জায়গা। তার সঙ্গে কোনো ধরনের অন্যায় হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না।”
এদিকে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ডা. অমিতাভ তরফদারকে তার কর্মস্থলে ফিরিয়ে আনা হোক।
আপনার মতামত লিখুন