নাশিদের সুরে মুখরিত হবে দেওভোগ এলাকা, আসছেন ড. ওবায়দুল্লাহ তারেক
অপসংস্কৃতির আগ্রাসন রুখে ইসলামী সংস্কৃতির আলোয় সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের কাশীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ২৭ নভেম্বর, শুক্রবার, বাদ আসর কাশীপুর ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ মাদরাসা শেষ মাথা (গাঙ্গুলী বাড়ি) সংলগ্ন আমজাদ সাহেবের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। ‘হেরার আলো যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সুস্থ ও মার্জিত ইসলামী সংস্কৃতির সৌন্দর্য এবং মূল্যবোধ তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসিকের মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল জব্বার। প্রোগ্রামের সভাপতির দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার আমির ও কাশীপুরের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আক্তার হোসেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামী শিল্পী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ড. ওবায়দুল্লাহ তারেক। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আবদুন নূর জালালী ও আবৃত্তিকার শাহ কামাল।
এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশগ্রহণ করবেন এমসি মামুন, আবুল হোসেন, আবদুল জব্বার, মেহেদী হাসান ইমন, তাওফিকুল ইসলাম এবং আবৃত্তি শিল্পী আদনানসহ আরও অনেকে।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী সংস্কৃতি, নৈতিকতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ তৈরি হবে। একইসঙ্গে অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে ইসলামী সাংস্কৃতিক আন্দোলন আরও বেগবান হবে বলে মনে করছেন তারা।
ইসলামী সংস্কৃতির সৌন্দর্য ছড়িয়ে দিতে আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ ও সংস্কৃতিপ্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন