আন্দোলনে সামনে, সংবর্ধনায় বাইরে ছাত্রদলকে আমন্ত্রণ না দেওয়ায় ইমান আলীর প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ’ অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী।
বুধবার (২৩ সেপ্টেম্ব) মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পৃথক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
ইমান আলী বলেন, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে রাজপথে ছাত্রদলের নেতাকর্মীরা সামনে থেকে ত্যাগ স্বীকার করলেও মূল্যায়নের সময় তাদের উপেক্ষা করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, ‘ত্যাগের সময় ছাত্রদল প্রথম সারিতে, অথচ মূল্যায়নের সময় কেন শূন্যের খাতায়? কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মতো অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলকে দাওয়াত দেওয়া হলো না কেন এর জবাব কে দেবে?’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও ভবিষ্যৎ নিয়ে আয়োজিত একটি সর্বজনীন অনুষ্ঠানে কোনো ছাত্রসংগঠনের প্রতিনিধিকে আমন্ত্রণ না করা দুঃখজনক ও পক্ষপাতমূলক আচরণ। উপজেলা প্রশাসনের এমন একপেশে মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইমান আলী বলেন, ‘ছাত্র সমাজ তথা ছাত্রদলকে বাদ দিয়ে কোনো সংবর্ধনা অনুষ্ঠানই পূর্ণতা পেতে পারে না। উপজেলা প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
আপনার মতামত লিখুন