তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর: রাজধানীতে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে রাজধানীর মগবাজার ও আলফালাহ মিলনায়তনে দিনব্যাপী সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। সফররত প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও বিশিষ্ট মানবতাবাদী কর্মী ড. ফাউজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, এমপি। তিনি তাঁর বক্তব্যে জামায়াতের নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদের এই সফর দুই দেশের নারী সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।"
সভায় ইসলামী ছাত্রীসংস্থার সামগ্রিক পরিচিতি ও কার্যক্রম উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা। পরবর্তীতে মুক্ত আলোচনায় প্রতিনিধিদলের সদস্যরা নারী নেতৃত্ব বিকাশ, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং নিজস্ব সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে মতামত প্রকাশ করেন।
বিকালের সেমিনার:
একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ডা. ফাউজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা। বক্তারা বিশ্বজুড়ে মুসলিম নারীদের ঐক্য, সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন