শাহজাদপুরে সিএসএফ সেন্টার পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নুকালীতে অবস্থিত সিএসএফ (CSF) সেন্টার পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ১লা অক্টোবর (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এই পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ সিএসএফ সেন্টারের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সেখানে থাকা শিশুদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এর পাশাপাশি প্রতিনিধিদলটি সিএসএফ এবিলিটি ক্লাবের নানামুখী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সেন্টারের সুশৃঙ্খল পরিবেশ এবং শিশুদের সেবা ও উন্নয়নে পরিচালিত কার্যক্রম দেখে নাসিক প্রশাসকসহ পুরো প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন।
উচ্চপর্যায়ের এই পরিদর্শন টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হেমায়েত হোসেন এবং আর্কিটেক্ট রিজভী হাসানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন