সোনারগাঁয়ে নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
এশিয়ান হাইওয়ের (মদনপুর–জয়দেবপুর) নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স মিল পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সড়কটিতে চলাচলকারী শিক্ষার্থী, ব্যবসায়ী ও শিল্প-কারখানার শ্রমিকদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি নিরসনের দাবিতে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নয়াপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়।সকাল থেকেই ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সমবেত হন।
এ সময় তাঁরা দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই অংশ দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করেন। নয়াপুর বাজার বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কারখানার শ্রমিকদের রাস্তা পারাপারে চরম ভোগান্তি পোহাতে হয়। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স মিল পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করা সময়ের অপরিহার্য দাবি হয়ে দাঁড়িয়েছে।কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব বাবুল মাস্টার প্রমুখ। জনস্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান বক্তারা।
আপনার মতামত লিখুন