বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ
বগুড়া সদর থানাধীন ‘ড্রিম লাইন’ আবাসিক হোটেলে এক কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও তথ্য সংগ্রহ করতে গিয়ে হোটেলের কথিত সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগ অনুযায়ী, প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীকে হোটেলে আটকে রাখা হয়। সেখানে হোটেল মালিক ও নজরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কিশোরীর ভিডিও ফুটেজ ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তাকে এই অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করতে গেলে ঘটনার প্রাথমিক সত্যতা পান বলে দাবি করেন। এরপর তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, পুলিশ আসছে জানিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়।
পুলিশের অপেক্ষায় থাকার একপর্যায়ে হোটেলের কথিত সন্ত্রাসী বাহিনীর সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি হোটেলে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে আটকে রেখে এমন নির্যাতনের অভিযোগ এবং দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সংশ্লিষ্ট মহল। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, কিশোরীর দ্রুত ও নিরাপদ উদ্ধার, সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন