ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে: নাসিক প্রশাসক
ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সিটি করপোরেশনের কার্যক্রমই যথেষ্ট নয়, এর জন্য নগরবাসীর প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
১৯ সেপ্টেম্বর শনিবার (সকালে) নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধনের পাশাপাশি নগরবাসীর ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত মশার ওষুধ ছিটানো হচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে ৩ ও ২২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, অন্যান্য বছরের তুলনায় বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও পরিস্থিতিকে কোনোভাবেই হালকা বা অবহেলার চোখে দেখার সুযোগ নেই। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশে যাতে কোনোভাবেই পানি জমতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার মাধ্যমে নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুবিধা প্রসঙ্গে নাসিক প্রশাসক বলেন, “দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অথচ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে এই জেলা পিছিয়ে থাকবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” শীতলক্ষ্যা নদী পারাপারে নগরবাসীর এখনো ট্রলার ও নৌকার ওপর নির্ভরশীলতার চিত্র তুলে ধরে তিনি দ্রুত আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি উন্নত, আধুনিক ও প্রকৃত নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির হোসেন মন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রমজানুর রশিদ ও আনোয়ার হোসেন। এছাড়া সম্পাদকমণ্ডলীর সদস্য পপি রানী সরকার ও আব্দুল কুদ্দুস আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করেন।
আপনার মতামত লিখুন