আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিব-মুশফিকসহ বাংলাদেশের ১০ ক্রিকেটার
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ২০২৬ আসরের খেলোয়াড় ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে ড্রাফট।
ড্রাফটের জন্য বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। তারা হলেন—মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
অন্য পাঁচজন রয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। তারা হলেন—সাকিব আল হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) তথ্য অনুযায়ী, এবারের ড্রাফটের জন্য দেশি-বিদেশি প্রায় ১ হাজার ৫০০ ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪৬২ জন। পাঁচ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
ড্রাফটে পাকিস্তানের ২৯ জন এবং ভারতের তিন ক্রিকেটারও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন দেশের আরও বেশ কয়েকজন পরিচিত আন্তর্জাতিক ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
২০১৮ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগ। দীর্ঘ বিরতির পর নতুন কাঠামো ও পাঁচ দল নিয়ে আবারও টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন