আন্তঃউপজেলা জেএসিএফ চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬-এর শুভ উদ্বোধন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃউপজেলা জেএসিএফ চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬। মঙ্গলবার (৬ অক্টোবর) হ্নীলার নয়াপাড়া ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জহুর আলম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সংবাদকর্মী ও হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছৈয়দুল আমিন চৌধুরী, সাংগঠনিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব মাহমুদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ মিন্টু, যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন, সদস্য শাহ কামাল রোমেল এবং জহুর আলম চৌধুরী ফাউন্ডেশনের ফাউন্ডার ফয়সাল জহুর চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জহুর আলম চৌধুরী ফাউন্ডেশন ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা সম্ভব। এমন আয়োজন টেকনাফের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে উঠে আসার পথ তৈরি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এমআই ক্রিকেট একাদশ ও আর কে স্পোর্টস একাডেমি ক্রিকেট একাদশ।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই ক্রিকেট একাদশ। নির্ধারিত ১২ ওভারে তারা প্রতিপক্ষের সামনে ১৩১ রানের লক্ষ্য দাঁড় করায়।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে আর কে স্পোর্টস একাডেমি। তবে উদীয়মান তারকা ক্রিকেটার আব্দুল্লাহর দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ম্যাচের চিত্র পাল্টে যায়। তাঁর অসাধারণ ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে এবং ১৪ বল হাতে রেখেই ১৩১ রানের লক্ষ্য অতিক্রম করে জয় তুলে নেয় আর কে স্পোর্টস একাডেমি ক্রিকেট একাদশ।
দারুণ ব্যাটিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উদীয়মান ক্রিকেটার আব্দুল্লাহকে ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, জেএসিএফ চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে স্থানীয় ও আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের সামনে নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি হবে। ধারাবাহিকভাবে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন