বন্দরের ইস্পাহানি-তালতলা সড়কে সিসি ক্যামেরা স্থাপন
বন্দর উপজেলাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ২৬ নম্বর ওয়ার্ডের পরিবর্তন কালচার ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো.রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে ওসি জামাল উদ্দিন বলেন, “এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম আরও সহজ হবে। কোনো অপরাধ সংঘটিত হলে ক্যামেরার ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এলাকার মানুষ সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ, যুব সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও এটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।
এ উদ্যোগের মাধ্যমে ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন