ফতুল্লায় লিংক রোডের পাশ থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফতুল্লার উত্তর ভূইঁগড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরনে সিল্কের জামা ছিল এবং তার মাথার চুল রং করা (কালার করা)। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
থানা পুলিশ জানান, লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গায় একটি সন্দেহভাজন বস্তা দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির ও শামীম আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে কাজ শুরু করলেও তাৎক্ষণিকভাবে কোনো ফলাফল পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করার পর আলামত গুমের উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দি করে এই পরিত্যক্ত স্থানে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
আপনার মতামত লিখুন