দিল্লিতে বসে আওয়ামী লীগ ও দেশে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খান
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং দেশবিরোধী জামায়াতে ইসলামী বাংলাদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে নতুন করে চক্রান্তে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও একসঙ্গে হাত মিলিয়েছিল। ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে তারা যৌথভাবে এরশাদ সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করা এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত হয়। তৎকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে দেশের আপামর জনগণ সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিল। এই দুই দল অতীতে যেমন দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আজও সেই একই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।
এর আগে দুপুরে রাশেদ খান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে যান এবং মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন