নারায়ণগঞ্জজুড়ে প্রবীণ নিবাস গড়ার ঘোষণা, যুক্ত হচ্ছে ‘মমতাময় নারায়ণগঞ্জ’
নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন এলাকায় প্রবীণ নিবাস (ওল্ড এজ হোম) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। একই সঙ্গে প্রবীণদের জন্য মানবিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে এই উদ্যোগের সঙ্গে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত প্যালিয়েটিভ ও প্রবীণ সেবাবিষয়ক এক স্টেকহোল্ডার এনগেজমেন্ট সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান এসব পরিকল্পনার কথা জানান।
প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রয়োজনে প্রকল্পটির জন্য আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানবিক, মর্যাদাপূর্ণ এবং সমন্বিত প্যালিয়েটিভ সেবা নিশ্চিত করে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্প।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এতে প্যালিয়েটিভ কেয়ার ও প্রবীণদের জন্য সমন্বিত সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আপনার মতামত লিখুন