এমপি আবুল কালাম ও কাউসার আশার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম এবং তাঁর পুত্র ও রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
সম্প্রতি কদম রসুল সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও গভীর ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করা হয়েছে।
এক যৌথ বিবৃতিতে স্থানীয় নেতাকর্মীরা জানান, একটি স্বার্থান্বেষী ও মাজার-বিদ্বেষী গোষ্ঠী সরাসরি অলি-আউলিয়া ও ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে কথা বলার সাহস না পেয়ে এখন জনপ্রতিনিধি ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। কথিত সুশীল সমাজের নামধারী এই চক্রটি জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং চলমান উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতেই কদম রসুল সেতু নিয়ে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো ধরনের ষড়যন্ত্র বা গুজবে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না। পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ও আবুল কাউসার আশাকে এসব অপপ্রচারে বিচলিত না হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নির্ভয়ে কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। ৩৬০ আউলিয়া ও বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর দোয়া এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন সবসময় তাঁদের সাথে রয়েছে বলেও বিবৃতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন