জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার
নারায়ণগঞ্জের ফতুল্লা হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদ সংলগ্ন সেলিনা মঞ্জিলে পাঠাগারটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনের ‘পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’—এই বাণীকে সামনে রেখে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না।’ পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা এক নয়। জ্ঞান অর্জনের জন্য সবাইকে পাঠাগারে আসতে হবে। যত বেশি জানা যাবে, তত বেশি শেখা যাবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ন্যায়-অন্যায় সম্পর্কে জ্ঞান ও সচেতনতার অভাবও এর অন্যতম কারণ। বই পড়ার মাধ্যমে মানুষ ন্যায়-অন্যায় সম্পর্কে জানতে পারে এবং নৈতিকতা অর্জন করতে পারে। আল্লাহকে ভয় করলে অন্যায় থেকে বিরত থাকা সম্ভব। তাই জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই।
সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরস্পর বিচ্ছিন্ন না থেকে সবাইকে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ডা. মো. জসিমউদ্দিন, তল্লা সাধারণ পাঠাগারের সভাপতি আলহাজ্ব মো. কুতুবউদ্দিন শাহীন, আলহাজ্ব অ্যাডভোকেট মো. ইব্রাহীম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. সেলিম সরকার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমীন টিপু এবং দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মনির হোসেন সুমন।
আহরনী পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, জ্ঞান অর্জনের বিভিন্ন মাধ্যমের মধ্যে পাঠাগার অন্যতম। জীবনের একটা পর্যায়ে এসে সবার পক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসায় গিয়ে নিয়মিত পড়াশোনা করা সম্ভব হয় না। কিন্তু জ্ঞান অর্জনের প্রয়োজন কখনো শেষ হয় না। রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো পথে চলতেও জ্ঞান অর্জন জরুরি।
তিনি বলেন, ১৯৬৪ সালে তিনি এ ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন এবং তখনই ‘আহরনী’ নামটি মনোনীত করেছিলেন। তাঁর মতে, প্রত্যেকটি বাড়িতে এমন একটি করে পাঠাগার থাকা প্রয়োজন, যাতে পরিবারের সদস্যরা অবসর সময়ে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া হুসাইনিয়া আরাবিয়া হাজিগঞ্জ মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইমরান হুসাইন।
আয়োজকদের প্রত্যাশা, ‘আহরনী’ পারিবারিক পাঠাগারটি এলাকার মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, জ্ঞানচর্চার প্রসার এবং নৈতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন