সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সম্পন্ন
বাংলার লোকজ ঐতিহ্য ও দেশীয় কারুশিল্পের বৈচিত্র্য তুলে ধরতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আট দিনব্যাপী লালন কারুমেলা’ শেষ হয়েছে।
মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে গত ১৭ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন গত ২৪ অক্টোবর সম্পন্ন হয়। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫ জন খ্যাতনামা কারুশিল্পী তাঁদের তৈরি ঐতিহ্যবাহী পণ্য নিয়ে অংশ নেন। মেলার স্টলগুলোতে নকশিকাঁথা, কাঠের রঙিন হাতি-ঘোড়া ও পুতুল, দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুকের কাজ, শতরঞ্জি, মণিপুরি তাঁত, কুমিল্লার খাদি, একতারা ও তাঁতবস্ত্র প্রদর্শন ও বিক্রি করা হয়। এতে বাংলার গ্রামীণ জীবন ও বৈচিত্র্যময় শিল্পরীতির বাস্তব চিত্র ফুটে ওঠে। মেলার অন্যতম আকর্ষণ ছিল কারুশিল্পীদের সরাসরি শিল্পকর্ম তৈরির লাইভ প্রদর্শনী।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, হারিয়ে যেতে বসা ও বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংরক্ষণ, পুনরুজ্জীবন এবং কারুশিল্পীদের পণ্যের বাজার সম্প্রসারণই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারী কারুশিল্পীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে জানান, সরাসরি ক্রেতাদের কাছে নিজেদের শিল্পকর্ম পৌঁছানোর সুযোগ তাঁদের উৎসাহিত করেছে। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের নিয়মিত আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন