ফতুল্লায় পৈত্রিক জমি দখলের অপচেষ্টা, ঘরে আগুন ও ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন এলাকায় সালমা বেগম ও তাঁর শরিকদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। শুধু তাই নয়, আদালতে মামলা করায় ভুক্তভোগী পরিবারটিকে এলাকাছাড়া করতে বাড়িঘরে আগুন দেওয়া এবং ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার মতো ভয়াবহ হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে সালমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিরোধের সূত্রপাত ও মামলা
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার ধর্মগঞ্জ মৌজার আর.এস-১১৯২নং দাগের ৩০ শতাংশ সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে সালমা বেগম ও তাঁর সহ-শরিকরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। কিন্তু বিগত বেশ কিছুদিন যাবৎ স্থানীয় মহিবুর মেম্বার, নেছার মেম্বার, আসাদুজ্জামান ও রাজ্জাক মাস্টারসহ একটি চক্র উক্ত জমি জোরপূর্বক দখল করে কবরস্থান নির্মাণ করার অপচেষ্টা শুরু করে।
স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়ে সালমা বেগম গত ১০ ফেব্রুয়ারি বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি দেওয়ানী মামলা (নং-১১২/২০২৬) দায়ের করেন।
মামলা প্রত্যাহারের চাপ ও হুমকি
মামলা করার পর থেকেই বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১৩ মে বেলা ১১টার দিকে বিবাদীরা বেআইনিভাবে একজোট হয়ে সালমা বেগমের বাসায় চড়াও হয় এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সালমা বেগম এতে অপারগতা প্রকাশ করলে তারা বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার এবং সুযোগ বুঝে জমি দখল করে সপরিবারে এলাকাছাড়া করার হুমকি দেয়।
পুলিশের সামনেই সন্ত্রাসী তাণ্ডব!
ভুক্তভোগী পরিবারের সদস্য ফাতেমা তুজ জোহরা অভিযোগ করে জানান, গত শনিবার (১৬ মে) ফতুল্লা থানার এসআই মিলন ফকিরের উপস্থিতিতেই ভূমিদস্যু তাপু, আসাদ চেয়ারম্যান, নেসার মেম্বার ও মহিবুর মেম্বারসহ প্রায় ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে গিয়ে তাণ্ডব চালায়।
তারা হুমকি দিয়ে বলে, মামলা না তুললে বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং ইয়াবা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। একপর্যায়ে সন্ত্রাসীরা সালমা বেগমের বোন ও কাকীকে মারধর করতে উদ্যত হলে তারা দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে আত্মরক্ষা করেন।
ওসির হস্তক্ষেপ কামনা
বর্তমানে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের ক্রমাগত হুমকিতে সালমা বেগমের পুরো পরিবার চরম জানমালের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় জমি বেদখলসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন তারা। এই পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পৈত্রিক জমি রক্ষায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) জরুরি ও আইনগত হস্তক্ষেপ কামনা করেছেন সালমা বেগম।
আপনার মতামত লিখুন