মাঠ পর্যায়ে সমাজকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
নারায়ণগঞ্জ মহানগরীতে মাঠ পর্যায়ের সমাজকর্মীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৌশলের প্রয়োগ এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার (২৬ জুন) শহরের ‘আন-নূর মিলনায়তনে’ অত্যন্ত সফলভাবে ‘মাঠ পর্যায়ে সমাজকর্মী প্রশিক্ষণ কর্মশালা’র ৩য় পর্ব সম্পন্ন হয়েছে।
পুরো কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে ছিল হিউম্যান রিসোর্স ডিভিশন, নারায়ণগঞ্জ মহানগরী।
দিনব্যাপী এই আয়োজনে মাঠ পর্যায়ের সমাজকর্মীদের কাজের মানোন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন আধুনিক ও কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মীরা তাদের কাজের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও কৌশলের যথাযথ প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “সমাজের প্রান্তিক মানুষের কল্যাণে মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকাই সবচেয়ে বেশি। দক্ষ ও আন্তরিক সমাজকর্মী গড়ে তোলার মাধ্যমেই একটি আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব।”
তিনি উপস্থিত সকল সমাজকর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় হিউম্যান রিসোর্স ডিভিশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ নারায়ণগঞ্জ মহানগরীর মাঠ পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কর্মীরা এই ধরনের আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন