রূপগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ঝুঁকিপূর্ণ লাইন অপসারণের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব গ্রামের ওপর দিয়ে নেওয়া একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের হাইভোল্টেজ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। এসময় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।
ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, এক্সআইসি গ্রুপের ‘কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামের ওই বিদ্যুৎকেন্দ্রের ৫৫ মেগাওয়াট প্রকল্পের লাইনটি নির্ধারিত রুট ব্যবহার না করে কেশরাব গ্রামের ওপর দিয়ে নেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের তীব্র বিরোধিতা সত্ত্বেও তৎকালীন প্রভাবশালী মহলের জোরে এবং ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে এই লাইনটি নির্মাণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম নয়ন, আল আমিন, মাওলানা আব্দুর রশিদ, মো. রিপন মিয়া ও মো. আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, এই হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনটি চালু হওয়ার পর থেকে ওই এলাকায় প্রায় শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এর ফলে গ্রামের সাধারণ মানুষের বাড়িঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যাওয়া, বসতবাড়িতে আগুন লাগা, শর্টসার্কিটে খামারের গরু ও পুকুরের মাছ মারা যাওয়ার মতো ঘটনা নিয়মিত ঘটছে। অতি সম্প্রতি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় লাইনের ভয়াবহ ফ্ল্যাশিংয়ের (অগ্নিকুণ্ড) শিকার হয়ে আরিফ নামের এক স্থানীয় দোকানদারের অর্ধেক শরীর আগুনে পুড়ে যায়।
এলাকাবাসী আরও জানান, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের সাথে দেখা করে বিষয়টি জানানো হলে তিনি দুই দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ লাইনটি বন্ধের নির্দেশ দেন। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ সেই নির্দেশনা আমলে নেয়নি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেনাবাহিনীর সদস্যরা সরেজমিনে পরিদর্শন করে লাইনটির অবৈধ ও ঝুঁকিপূর্ণ নির্মাণের প্রমাণ পান। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে লাইনটি ঝুঁকিমুক্ত করার প্রতিশ্রুতি দিলেও কোম্পানি তা বাস্তবায়ন করেনি। উল্টো প্রতিকার চাইলে রাজনৈতিক প্রভাব দেখিয়ে নিরীহ গ্রামবাসীকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন বক্তারা।
ঝুঁকিপূর্ণ এই পরিবেশ থেকে নিস্তার পেতে এবং লাইনটি দ্রুত অপসারণের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কোনো দৃশ্যমান সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া কেশরাব গ্রামের বাসিন্দারা।
আপনার মতামত লিখুন