সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে রক্তাক্ত রেলকর্মী আলীমুজ্জামান, কর্তৃপক্ষের নেই কোনো খোঁজ!
নারায়ণগঞ্জের চাষাড়ায় সরকারি মালামাল রক্ষা করতে গিয়ে চোরের ধারালো ছুরির আঘাতে মারাত্মক জখম হয়েছেন আলীমুজ্জামান (৪৫) নামের এক রেলওয়ে পকেটম্যান। গত বুধবার ভোর সাড়ে ৫টায় চাষাড়া রেলওয়ের গুন্টিঘরে ডিউটিরত অবস্থায় এই হামলার শিকার হন তিনি। বর্তমানে শারীরিক যন্ত্রণা ও আর্থিক সংকটে দিশেহারা জীবন কাটাচ্ছেন এই নিবেদিতপ্রাণ কর্মচারী।
ঘটনার বিবরণ: রেলওয়ে সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে একদল চোর চাষাড়া রেলওয়ের গুন্টিঘরের তালা ভেঙে সরকারি মালামাল চুরির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ডিউটিরত রেলওয়ে পকেটম্যান আলীমুজ্জামান সাহসিকতার সঙ্গে চোরদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে চোর তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আলীমুজ্জামানের মাথা, বুক, পিঠ ও বাহুতে উপর্যুপরি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মাথায় ৬টি সেলাই দিতে হয়।
আলীমুজ্জামানের সাহসিকতায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইসমাইল (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত ইসমাইল চাষাড়ার চানমারি এলাকার বাসিন্দা, যার গ্রামের বাড়ি কুমিল্লার নয়াগাঁওয়ে। সে একসময় লেগুনা চালক হিসেবে কাজ করত।
অসহায়ত্বের করুণ দশা: আলীমুজ্জামানের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রত্নেশ্বর গ্রামে। একমাত্র ৮ বছরের ছেলেকে নিয়ে চাষাড়ায় বসবাস করেন তিনি। সরকারি সম্পদ রক্ষায় নিজের জীবন বাজি রাখলেও, ঘটনার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তার চিকিৎসার কোনো সহায়তা বা খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
আলীমুজ্জামান আগে থেকেই কিডনিজনিত জটিলতায় ভুগছেন। তার দুটি কিডনিই ৫০ শতাংশ অকেজো বা ড্যামেজ হয়ে আছে। প্রতি মাসে তার চিকিৎসার পেছনে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। এর ওপর এই হামলায় আহত হয়ে তিনি কর্মক্ষমতা হারানোর শঙ্কায় পড়েছেন, যা তার পরিবারকে চরম অর্থসংকটে ঠেলে দিয়েছে।
সচেতন মহলের দাবি: নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা সরকারি সম্পদ রক্ষা করছেন, তাদের এ ধরনের বিপদে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলীমুজ্জামানের সুচিকিৎসা নিশ্চিত এবং তাকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের জোরালো দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন