ফেসবুকে পরিচয়ে বিয়ে: দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর মহিপুর থানায় মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১২ জুলাই, ২০২৬) সকালে উপজেলার ২ নম্বর ওয়ার্ডের আলিপুরস্থ নাইউরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে এবং নাইউরিপাড়া গ্রামের মো. নাঈদ (২৫)-এর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে মিলি ও নাঈদের পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ রবিবার সকালে নিজ বসতঘরে মিলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে মহিপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। তবে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন