যাদের পায়ের নিচে মাটি নেই তারাই আবল-তাবল বলছে: নবীগঞ্জে আবুল কাউছার আশা
নারায়ণগঞ্জের বন্দরে স্বেচ্ছাসেবক দলের নেতা জনির পিতা ও ইসলামী আন্দোলনের নেতা বুলবুলসহ নিহতদের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। বক্তব্যে তিনি রাজনৈতিক বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, "যাদের নিজেদের রাজনৈতিক কোনো ভিত্তি বা পায়ের নিচে মাটি নেই, তারা এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবল-তাবল কথা বলছে।"
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা বন্দরের নবীগঞ্জ এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, আতাউর রহমান মুকুলসহ যারা আজ নানা ধরনের মন্তব্য করছেন, তারা ১৯৯১ সালেও বিরোধীতা করেছিলেন। কিন্তু বন্দরের সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী শক্তির কর্মীরা তাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো করেই জানে। এসব বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি আরও উল্লেখ করেন, "এমপি অ্যাডভোকেট আবুল কালাম সবসময় বিপদে-আপদে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে থাকেন। তিনি ইতিমধ্যেই নিহত বুলবুলের পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন। একইভাবে স্বেচ্ছাসেবক দলের নেতা জনির পিতাসহ অন্য নিহতদের পরিবারের পাশেও তিনি অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।"
আবুল কাউছার আশা কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "কোনো অপপ্রচারে কান না দিয়ে এমপি আবুল কালামের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।"
বক্তব্য শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন