পটুয়াখালীতে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নির্বাচিত তরিকুল ইসলাম ইভান
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান টিটু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী সদর উপজেলার মাদার ইউনিয়নের সন্তান তরিকুল ইসলাম ইভান।
বুধবার কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর থেকে অনুমোদিত এ কমিটির তথ্য নিশ্চিত করা হয়। নতুন এ কমিটিকে ঘিরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত নেতাদের।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখতে কাজ করে আসছিলেন তরিকুল ইসলাম ইভান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। বিশেষ করে মাঠপর্যায়ে কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার কারণে দলের নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।
অন্যদিকে সভাপতি মনিরুজ্জামান টিটুও দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে পটুয়াখালী জেলা কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ইভান বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। তৃণমূল কৃষকদের অধিকার আদায় এবং সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
এদিকে নতুন কমিটি অনুমোদনের পর পটুয়াখালী জেলা কৃষক দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন