৬ দফা দাবীতে ১১ দলীয় ঐক্য জোটের ডিসিকে স্মারকলিপি প্রদান
গ্যাস সংকট,ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি,ভূতুড়ে বিল বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে এবং ৬ দফা দাবীতে ডিসিকে স্মারক লিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ডিসিকে স্মারক লিপি প্রদান করা হয়।
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়,আমরা ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে দেশের চলমান জনদুর্ভোগ সম্পর্কে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের মতো নারায়ণগঞ্জেও তীব্র গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং গৃহস্থালির কাজকর্মসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ভয়াবহ লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও উৎপাদন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
অন্যদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং প্রকৃত ব্যবহার অনুযায়ী নয়, এমন ভুতুড়ে বিলের অভিযোগ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং সামগ্রিক অর্থনৈতিক চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এমতাবস্থায় নারায়ণগঞ্জের জনগণের স্বার্থে আমরা নিম্নোক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি-
১. অবিলম্বে গ্যাস সংকট নিরসনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২. ভয়াবহ লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩. বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে জনগণের সহনীয় পর্যায়ে আনতে হবে।
৪. ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে সঠিক বিল নিশ্চিত করতে হবে।
৫. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. জনগণের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কার্যকর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন আহম্মেদ, মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার, বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু বকর সিদ্দিক সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন