ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের ব্যানারে ৫ সেপ্টেম্বর শনিবার চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং বিদ্যুৎ বিলে চরম অনিয়মের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
সমাবেশে তিনি সাবেক সাংসদ শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের সন্ত্রাসী ও তাদের দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্যে মাওলানা আবদুল জব্বার দেশের বর্তমান বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকটকে শিল্প ও জনজীবনের জন্য চরম হুমকি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। পাশাপাশি বিদ্যুৎ বিলে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের মিটারে ‘ভূতুড়ে বিল’ যোগ করা হচ্ছে। আগে যে গ্রাহকের বিল আসত ১২০০ টাকা, বর্তমানে তা বাড়িয়ে ৩৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত করা হচ্ছে। জনগণের ওপর অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে এ ধরনের শোষণ বন্ধ করতে হবে এবং অবিলম্বে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দিতে হবে।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তা বলেন, জাতীয় সংসদ ভবনের মতো সুরক্ষিত এলাকার সামনেও এখন চিকিৎসাগামী শিক্ষক ছিনতাইকারীর নিষ্ঠুর আক্রমণের শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জে দিন-রাতে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে পালিয়ে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলে ভিড়ে দলীয় পরিচয় ব্যবহার করে জনগণের জীবন বিপর্যস্ত করার চেষ্টা করছে। প্রশাসনকে নিরপেক্ষ ও সাহসিকতার সাথে এলাকাভিত্তিক অপরাধ দমনে এগিয়ে আসতে হবে। অন্যথায় সাধারণ জনগণ নিজেদের সুরক্ষায় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। একই সাথে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সর্বস্তরে স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করারও জোর দাবি জানান তিনি।
আপনার মতামত লিখুন