ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে ৩ জন গ্রেপ্তার, পাজেরো-ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চলাফেরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি পাজেরো গাড়ি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড, একটি মোবাইল ফোন ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে এসআই (নিঃ) আফতাব আলীসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে চাষাড়া লেনের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের হেফাজত থেকে ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। @followers Bangladesh News Express
আপনার মতামত লিখুন