মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান- মুহাম্মদ জামাল হোসাইন
যোগ্য ও সৎ নাগরিক তৈরির মাধ্যমেই দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন । বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক ও বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, "আজকের এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের অগণিত স্বপ্ন জড়িয়ে রয়েছে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সন্তানকে নিয়ে একজন পিতা হিসেবে আমি যেভাবে স্বপ্ন দেখি, এখানে উপস্থিত প্রতিটি বাবা-মা-ই তাঁদের সন্তানকে নিয়ে একই স্বপ্ন বুনছেন। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সন্তানরা জীবনে বড় কিছু হবে—এটাই সকল অভিভাবকের প্রত্যাশা।"
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিদিন খবরের কাগজে আমরা দুর্নীতি, সন্ত্রাস ও জুলুমের ভয়াবহ চিত্র দেখতে পাই। এর অন্যতম প্রধান কারণ হলো দেশে যোগ্য ও সৎ নাগরিকের অভাব। আজ যারা মেধার স্বাক্ষর রেখে সংবর্ধিত হচ্ছে, তোমরাই আগামী দিনের ডিসি, এসপি, সচিবসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।"
তিনি আরও বলেন, "রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে যদি মেধা, সততা ও দেশপ্রেমে বিশ্বাসী নেতৃত্ব আসীন হয়, তবেই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। মেধাবীদের মাধ্যমে সে স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হবে বলেই আমাদের বিশ্বাস।"
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের কেবল ফলাফলেই সীমাবদ্ধ না থেকে সৎ মানসিকভাবে গড়ে ওঠা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং অর্জিত যোগ্যতাকে দেশ গঠনে কাজে লাগানোর উদাত্ত আহ্বান জানান। পরিশেষে তিনি সকল কৃতী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন