নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে বিজনেস রিসার্চ ক্লাব-এর আত্মপ্রকাশ
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের গবেষণা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ‘বিজনেস রিসার্চ ক্লাব’। ১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ক্লাবটি গঠনের প্রস্তাব উত্থাপিত হলে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা অনুমোদন দেয়।
শিক্ষার্থীদের এই যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, "তরুণ শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণের বিকাশে এ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।"
তিনি শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করে আরও ব্যক্ত করেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবে সরকারি তোলারাম কলেজ।
নতুন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক গবেষণা, কেস স্টাডি ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন