নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে জেলাজুড়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণসহ জেলার সব কটি উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জনসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভিডিও কনফারেন্স শেষে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে র্যালি শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত পুরো সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়। পরিচ্ছন্নতা দলগুলো এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং লার্ভিসাইড ছিটানোর কাজ সম্পন্ন করে।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক ও অতিথিরা সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করেন। বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত সচেতনতা ও প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন