বন্দরে গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ ৩ জন আহত
রাত তখন আনুমানিক ৩টা ৩৫ মিনিট। চারপাশ যখন গভীর ঘুমে নিস্তব্ধ, ঠিক তখনই বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় একটি বাড়িতে হামলার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাদী মো. সোহেল (৩৪)-এর অভিযোগ, একই এলাকার বাসিন্দা মো. অপু (৩৬) কাউয়াল ও ধারালো সুইচ গিয়ার নিয়ে তার বড় চাচাতো ভাই মো. ইকবাল হোসেন (৪০)-এর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ইকবালকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ইকবালকে বাঁচাতে তার ১৬ বছর বয়সী ছেলে মো. খোকা এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে এগিয়ে গেলে বাদী সোহেলকেও মারধর করার অভিযোগ রয়েছে।
একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর স্থানীয়রা গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে ইকবাল গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।
অভিযোগকারীর দাবি, হামলার সময় ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে যাওয়া হয়েছে।
এক রাতের ঘটনায় একটি পরিবারের ওপর নেমে এসেছে আতঙ্ক ও অনিশ্চয়তা। আহত স্বজনদের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবারটি। একই সঙ্গে নিজেদের জানমালের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
বাদী মো. সোহেল ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন