বক্তাবলীতে সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল্লাহ আল আমিনের
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও একের পর এক অপ্রীতিকর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে আজ (১৩ অক্টোবর) এলাকাটির সার্বিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাকালে এলাকার সাম্প্রতিক পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরা হয় সংসদ সদস্যের সামনে। জবাবে এমপি আব্দুল্লাহ আল আমিন সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আশ্বাস দেন।
সংসদ সদস্য জানান, তিনি বক্তাবলীর সার্বিক ঘটনার নিয়মিত খোঁজখবর রাখছেন। এলাকার সার্বিক শান্তি ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর থেকেই এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন