হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে বেকারির পাউরুটিতে মিলল টিকটিকির বিষ্ঠা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় শান্তনা কেক হাউস অ্যান্ড বেকারি থেকে কেনা পাউরুটির ভেতরে টিকটিকির বিষ্ঠা পাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেকারি মালিক ও ভুক্তভোগী ক্রেতাদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনলাইন সংবাদমাধ্যম ‘৭১ বাংলাদেশ’-এর প্রকাশক ও সম্পাদক আল-আমিন দুপুরে হাজীগঞ্জ এলাকার শান্তনা কেক হাউস অ্যান্ড বেকারি থেকে ৩০ টাকা মূল্যের একটি পাউরুটি কেনেন। এরপর তিনি কয়েকজন সহকর্মী সাংবাদিককে সঙ্গে নিয়ে পাশের ওয়াসিমের চায়ের দোকানে নাস্তা করতে বসেন। পাউরুটিটি কাটার পর সেটির ভেতরে তেলাপোকা বা টিকটিকির বিষ্ঠার মতো নোংরা বস্তু দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপস্থিত সবাইকে দেখালে সবাই নাস্তা করা বন্ধ করে দেন।
পরবর্তীতে আল-আমিন ও তার সহযোগীরা বিষয়টি নিয়ে ওই বেকারিতে গিয়ে অভিযোগ জানালে দোকানদার তা সম্পূর্ণ অস্বীকার করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে চরম কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগকারীরা আরও জানান, ঘটনার সময় ওই দোকানের ডিসপ্লেতে রাখা আরেকটি বড় রুটিতেও ফাঙ্গাস বা ছত্রাকের উপস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছিল। পণ্যের মেয়াদ ও উৎপাদন তারিখের বিষয়ে জানতে চাইলে দোকানদার দাবি করেন, তাদের বেকারিতে প্রতিদিন রুটি তৈরি ও বিক্রি করা হয়, তাই পণ্যে উৎপাদনের কোনো তারিখ দেওয়া হয় না। তবে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের ধারণা, ফাঙ্গাসযুক্ত রুটিটি বেশ কয়েকদিন আগের বাসি রুটি ছিল।
এদিকে, ব্যস্ততম এই ঘাট এলাকায় প্রকাশ্য বেকারিতে এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য বিক্রির খবরে স্থানীয় বাসিন্দা ও সাধারণ ভোক্তাদের মধ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে ঘটনার সত্যতা যাচাই করে উক্ত বেকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন