মহান মনিবের সন্তুষ্টির জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে- ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা পাবলিক হলে বর্ণাঢ্য আয়োজনে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই (শুক্রবার) সকালে জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জেলা সেক্রেটারী বদরুল আমীন ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাত শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান রুকনদের উদ্দেশে বলেন, “হযরত ইব্রাহিম (আ.) যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাঁর শপথ বাস্তবায়ন করেছেন, তেমনি রুকনদেরকেও মহান মনিবের সন্তুষ্টির জন্য তাদের গৃহীত শপথ বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা করতে হবে। যে ধনসম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, তা দ্বীনের পথে বিলিয়ে দিতে কৃপণতা করা যাবে না। রুকন ভাই-বোনদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবন ইসলামের আদর্শে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “সংগঠনের প্রতিটি রুকন আদর্শিক আন্দোলনের অন্যতম ভিত্তি। তাই আত্মশুদ্ধি, কুরআন-হাদিস অধ্যয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে আত্মনিয়োগের মাধ্যমে সংগঠনের শক্তি আরও সুসংহত করতে হবে।” এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, “এদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণভোট বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।”
বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
অধ্যক্ষ শাহাবুদ্দিন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য)
মনজুরুল ইসলাম ভূঁইয়া (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য)
নাজমুল হক সাঈদী (ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য)
আব্দুল করিম (ময়মনসিংহ জেলা আমীর)
অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি (ময়মনসিংহ জেলা নায়েবে আমীর)
অধ্যক্ষ রমজান আলী (কিশোরগঞ্জ জেলা আমীর)
মাওলানা হাফিজুর রহমান (শেরপুর জেলা আমীর)
মাওলানা আব্দুস সাত্তার (জামালপুর জেলা আমীর)
আসাদুজ্জামান সোহেল (ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর)
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার সাবেক আমীর মাওলানা এনামুল হক, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান ও জেলা সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এমপি। বক্তারা রুকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সমাপনী ও নির্বাচনী প্রস্তুতি
সভাপতির বক্তব্যে মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, রুকনদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মানসিকতাই সংগঠনের অগ্রযাত্রার প্রধান শক্তি। তিনি প্রত্যেক রুকনকে নিজ নিজ এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য রুকনদের বিশেষ নির্দেশনা দেন।
উল্লেখ্য, রুকন সম্মেলনে যোগদানের পূর্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবং সম্মেলন শেষে নেত্রকোণার বিশিষ্টজনদের সাথে এক সৌজন্য মধ্যাহ্নভোজে মিলিত হন।
আপনার মতামত লিখুন