শহীদ আবু সাঈদের স্মরণে এবি পার্টির দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত এবং অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে এবি পার্টি।
বুধবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ীতে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে স্থানীয় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।এ সময় শহীদ আবু সাঈদের গর্বিত পিতার হাত দিয়ে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, শহীদদের স্মরণ কেবল আনুষ্ঠানিকতা নয়, তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করেই বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।
এ সময় রংপুর মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, শহীদ আবু সাঈদ শুধু একটি নাম নন, তিনি অন্যায়, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন প্রতিরোধের প্রতীক। তাঁর আত্মত্যাগ জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও প্রেরণা জুগিয়েছে। শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ন্যায়ভিত্তিক, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি অবিচলভাবে কাজ করে যাবে।
এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক( রংপুর) আবু বক্কর সিদ্দিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের স্বপ্ন ছিল জনগণের অধিকারভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি মানুষের পাশে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবি পার্টি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগরীর যুগ্ম আহবায়ক গুলজার হোসেন,মহানগর সদস্য সচিব মাহবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা আহবায়ক ডাঃ নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েল, পীরগঞ্জ উপজেলা সদস্য সচিব শাহীন মিয়া, কুড়িগ্রাম পৌরসভার আহবায়ক রেজাউল করিম, রুবেলসহ মহানগরী ও জেলা, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন