আড়াইহাজারের পুকুড়ে জালের টানে উঠল থানা থেকে লুট হওয়া শর্টগান
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। সোমবার (৩ আগষ্ট , ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজাউলের পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ জালে ভারী একটি বস্তু আটকে যায়। জাল ওপরে তুলতেই জেলেরা একটি শর্টগান দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অস্ত্রটি উদ্ধার করে। পরবর্তীতে আলামত হিসেবে জব্দ তালিকার মাধ্যমে তা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পরে আড়াইহাজার থানার অস্ত্রের রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের তথ্যের সাথে মিলিয়ে উদ্ধারকৃত শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র বলে নিশ্চিত করেন। উদ্ধার হওয়া শর্টগানটির বাট নম্বর ৬৫১।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আড়াইহাজার থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময়ই থানা থেকে এই শর্টগানটি লুট হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন