ফতুল্লায় হত্যাচেষ্টা মামলার আসামি আহাম্মদ জামিনে বেরিয়ে বেপরোয়া, প্রকাশ্য হুমকি: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী
নারায়ণগঞ্জের ফতুল্লা সস্তাপুরে বৈষম্যবিরোধী আন্দোলন ও জামায়াত কর্মী জসিমকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আলী আহম্মাদ কারামুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। আদালত থেকে জামিনে বেরিয়েই তিনি ভুক্তভোগী জসিম ও তাঁর পরিবারকে প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জসিম জানান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সক্রিয় সহযোগী এবং ফাইজুল চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর আলী আহম্মাদ ও শাহাদাত পরিকল্পিতভাবে তাঁকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। ঘটনার সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে আসলেও জনসম্মুখে তাঁর ওপর নির্মম হামলা চালানো হয়। পরবর্তীতে খানপুর ও ঢাকার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।
তবে আসামিরা জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং পুনরায় হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।
এবিষয়ে ফতুল্লা থানায় নতুন করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভুক্তভোগী জসিম বলেন, "আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন ও ফতুল্লা থানার ওসির কাছে আমার প্রশ্ন—চিহ্নিত অপরাধীরা এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আপনারা নীরব কেন?"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি আমার বা আমার পরিবারের কোনো সদস্যের সামান্যতম ক্ষতি হয়, তবে এর পূর্ণ দায়ভার স্থানীয় পুলিশ প্রশাসনকেই নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এভাবে ছাড় দিলে সমাজে অপরাধ প্রবণতা আরও ভয়াবহ রূপ নেবে।"
এ ঘটনায় ফতুল্লা সস্তাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আসামিদের জামিন বাতিলের দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন