নারায়ণগঞ্জে দেশীয় সাংস্কৃতিক সংসদের সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
‘গানে গানে সুরে সুরে জীবন সাজাই হেরার নূরে’—এই স্লোগানকে সামনে রেখে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’। শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী ও সংবাদপাঠক শরীফ বায়জীদ মাহমুদ। বক্তব্যকালে তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও সুস্থ সংস্কৃতিকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। অপসংস্কৃতি রোধে ও সমাজ গঠনে সুস্থ ধারার সংস্কৃতি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে কার্যকর অবদান রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি সীরাতের এসব সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন জেলাজুড়ে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইকবাল হোসাইন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকি, শিল্পী আশিক উজ্জ্বল এবং এস এম ইমরান হোসাইনসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সীরাত প্রতিযোগিতা উপলক্ষে মাসব্যাপী পুরো জেলার বিভিন্ন স্থান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের মনোনীত করা হয়। সকালে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর বেলা ১১টায় আজিজ হাকিমের উপস্থাপনায় মূল পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মূল্যবান বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অতিথিদের সঙ্গে বিজয়ীদের সৌজন্য ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন