বিআরপি ছায়া মন্ত্রী পরিষদ গঠন: জাতীয় সংকট নিয়ে আলোচনা সভা
দেশের জাতীয় সংকট, রাষ্ট্র পরিচালনা ও জনগণের ক্ষমতায়ন নিয়ে আলোচনা সভা এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি (BRP)-এর ছায়া মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১-এর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ ছায়া মন্ত্রী পরিষদ গঠন করা হয়। অনুষ্ঠানে দলের বিভাগীয়, জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির (BRP) সভাপতি নেতাজি কে. এম. আবু হানিফ হৃদয়। বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সাল থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি গড়ে তোলার কাজ করা হয়েছে এবং ২০২৫ সালের ২৩ অক্টোবর দলটি নিবন্ধন লাভ করে। দীর্ঘদিন ধরে যারা দলের সঙ্গে ছিলেন, তারা এখনো দলের সঙ্গে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “দেশের এই সংকটের সময়ে আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করেছি। কোনো মন্ত্রী ভুল করলে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব। সরকার চাইলে দেশ পরিচালনায় আমরা তাদের সহযোগিতা করব।”
BRP-এর সভাপতি আরও বলেন, তারা দেশে তৃতীয় বিরোধী দল হিসেবে অবস্থান করছেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ধৈর্যহারা না হয়ে এই দলে থাকুন। শিগগিরই আমরা ক্ষমতায় আসব। আমরা অন্য কোনো দলে যাব না। প্রয়োজনে অন্য দল আমাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানাবে।”
তিনি দেশের প্রতিটি জেলায় কমিটি এবং উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ২৩ অক্টোবর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবগঠিত ছায়া মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান ড. সাজ্জাদ। অনুষ্ঠানে রাষ্ট্র ও জনগণের সম্পর্ককে গুরুত্ব দিয়ে ‘রাষ্ট্র জনগণের, উন্নয়ন জনগণের, ক্ষমতা জনগণের’—এই প্রত্যয় তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা জাতীয় সংকট মোকাবিলা, জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন দলের গঠনতন্ত্র পাঠ করেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাদুল হক।
এ সময় দলের বিভাগীয় প্রধান, জেলা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন