নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে মঞ্চে আ'লীগ নেতা সেন্টু, তৃণমূলে ক্ষোভের ঝড়
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুল আলম সেন্টুর উপস্থিতি ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলের প্রতিবাদ সমাবেশে ক্ষমতাচ্যুত বা বিরোধী রাজনৈতিক পরিচয়ের নেতার এমন উপস্থিতি নিয়ে দলের ভেতরে চরম অসন্তোষ ও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর বিকালে শহরের ঐতিহ্যবাহী চাষাঢ়া শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নানা অপকর্ম ও নৈরাজ্যের প্রতিবাদ জানাতে তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী চাষাঢ়া শহীদ মিনারে উপস্থিত হন। তবে সমাবেশ চলাকালে মূল মঞ্চে বক্তব্য ও অবস্থানের জায়গায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুল আলম সেন্টুকে অন্যান্য বিএনপি নেতাদের সঙ্গে দেখা যায়। সমাবেশের এই ছবি ও দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা টক অব দ্য টাউনে পরিণত হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির তৃণমূলের একাধিক নেতাকর্মী জানান, রাজপথে দলের কঠিন সময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন, তাদের সামনেই প্রতিপক্ষ দলের রাজনৈতিক নেতাদের এভাবে মূল মঞ্চে বসানো চরম হতাশাজনক। এ ঘটনা ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করার শামিল।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিএনপি সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। এতে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা এবং রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
আপনার মতামত লিখুন